শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, বিএনপি যুদ্ধাপরাধীদের সঙ্গে হাত মিলিয়ে তাদের বিচার বাধাগ্রস্থ করার অপপ্রয়াস চালাচ্ছে। তাদের ষড়যন্ত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়। এই ষড়যন্ত্র দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে বাংলাদেশ যুবলীগ আয়োজিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় আমরাই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছিলাম। তত্ত্বাবধায়ক সরকার পাওয়ার পর দেখেছি এই সরকারের রুপ কি।
তিনি আরও বলেন, তত্ত্ববধায়ক সরকার গণতন্ত্রের পরিপন্থি হয়ে সেনাবাহিনীর হাতে ক্ষমতা চলে গেছে। এ কারণেই সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে। যা আর কোনদিনই ফিরে আসবে না। আগামী নির্বাচনও তত্ত্বাবধায়ক ছাড়া শেখ হাসিনার অধীনেই হবে।
যুবলীগের চেয়ারম্যান মো. ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, প্রেসিডিয়াম সদস্য আব্দুস সাত্তার মাসুদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ১৫ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর
[/b]