আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি।

বুধবার (২০ মার্চ) সিঙ্গাপুর সময় সকাল ১০টায় বাইপাস সার্জারি করা হবে।

চিকিৎসক ফিলিপ কোহের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের জ্যেষ্ঠ সদস্য কার্ডিওথোরাসিক সার্জন সিবাস্টিন কুমার সামি বাইপাস সার্জারি করবেন।

ওবায়দুল কাদেরের চিকিৎসা বিষয়ক সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট আবু নাসের রিজভী মঙ্গলবার (১৯ মার্চ) এই তথ্য জানান।

আবু নাসের রিজভী বলেন, কাদেরের রক্তচাপ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

ওবায়দুল কাদেরের পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এর আগে ৪ মার্চ ওবায়দুল কাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়ার পর প্রথমে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। গত বুধবার তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালে ওবায়দুল কাদেরের সঙ্গে আছেন স্ত্রী ইসরাতুন্নেসা কাদের। 

এমবি