স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানস্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জামায়াত হরতাল ডাকলেও নাশকতা চালানোর মতো অবস্থায় নেই তারা।
এর পরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কঠোর নজরদারিতে রেখেছে। নাশকতার চেষ্টা করা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার নওহাটায় আনসার ভিডিপির নবগঠিত ৩৭ আনসার ব্যাটালিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন ও সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের ব্যাপারে তিনি বলেন, রিভিউ ও রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনার প্রক্রিয়া শেষে যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল থাকার প্রতিবাদ এবং তিনিসহ আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আগামীকাল ২৪ ঘণ্টার হরতাল দিয়েছে জামায়াত।
আনসার সদস্যদের প্রশংসা করে আসাদুজ্জামান খান বলেন, গ্রাম উন্নয়নে আনসার বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। জামায়াত-বিএনপির নাশকতার সময় আনসার বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের সম্পদ রক্ষা করেছে। সরকার আনসার বাহিনীর সমস্যা সমাধানে সচেষ্ট। তাদের ভাতা বাড়ানোসহ সব জটিলতা কাটিয়ে আনসার বাহিনীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকার চেষ্টা করছে বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
এর আগে এই প্রতিমন্ত্রী পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে আনসার ভিডিপির নবগঠিত ৩৭ আনসার ব্যাটালিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি জেলা আনসার ও গ্রাম রক্ষা বাহিনীর সদস্যদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।
নওহাটা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন, আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিন ও উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল একেএম আসিফ ইকবাল, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালউদ্দিন, মহানগর পুলিশ কমিশনার শামসুদ্দিন প্রমুখ।
এসএইচ





