বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে খোলা চিঠি লিখেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও তার পরামর্শক ডা.জাফরুল্লাহ চৌধুরী। চিঠিতে খালেদা জিয়ার জন্য কিছু ‘করণীয়’ তুলে ধরেন জাফরুল্লাহ চৌধুরী।

দীর্ঘ প্রায় সাড়ে তিন হাজার শব্দের চিঠিতে তিনি খালেদা জিয়াকে জামায়াতের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, দলে গণতন্ত্র ও গঠনতন্ত্র চর্চা করা, উপদেষ্টা পরিষদে বিশিষ্টজনদের কোঅপ্ট করা, ড. কামাল হোসেনের দলসহ কয়েকটি দলকে নিয়ে একসঙ্গে জনসভার ঘোষণা দেয়ার পরামর্শ দেন।

চিঠিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমালোচনা করে দলের গঠনতন্ত্র সংস্কারের পরামর্শ দিয়েছেন তিনি। জাফরুল্লাহ চৌধুরী উল্লেখ করেন, দলে গণতন্ত্র নেই। গণতন্ত্র থাকলে কমিটি নিয়ে ক্ষোভ সৃষ্টি বা পরিবারতন্ত্র এত পাখা বিস্তার করত না বলে মনে করেন তিনি।

চিঠির শুরুতেই ১৫ আগস্ট জন্মদিন পালন না করায় খালেদা জিয়ার প্রশংসা করে জাফরুল্লাহ বলেন,বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, রাজনৈতিক প্রজ্ঞা দেখিয়েছেন, আপনি জিতেছেন। সবার সঙ্গে আলাপ করে জামায়াত সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন তিনি। বিকল্পধারা, কৃষক শ্রমিক জনতা লীগ, গণফোরাম, জাসদ (রব) নিয়ে এক মাসের মধ্যে জনসভা করারও পরামর্শ দেন তিনি।

দীর্ঘ খোলা চিঠিতে জাফরুল্লাহ দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানান।

এম এ