বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এটা আদালতের এখতিয়ার। খালেদা জিয়ার দুর্নীতির মামলায় সরকারের করার কিছু নেই। এটা সম্পূর্ণভাবে আদালতের বিষয়।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন খারিজের পরে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দুর্নীতির অভিযান সারা দেশে চলমান রয়েছে। দেখেশুনে সব দুর্নীতিবাজকে গ্রেফতার করা হবে।
জেলা স্টেডিয়ামে দুপুরে কাউন্সিলের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।
কাউন্সিলে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল।
উদ্বোধনী পর্বের পর দুপুর আড়াইটায় দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে।
এমএম





