বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ীঘরে হামলা, লুটপাট, ভাঙ্গচুর করায় তীব্র নিন্দা-প্রতিবাদ এবং অবিলম্বে নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা রফিকুল ইসলাম খান।
শনিবার গণমাধ্যমে পঠানো এক বিবৃতিতে তিনি এসব দবি করেন।
রফিকুল ইসলাম খান বলেন, ‘সরকার পরিকল্পিতভাবে দেশে একদলীয় বাকশালী শাসন প্রতিষ্ঠার গভীর ষড়যন্ত্রের লিপ্ত। ’
তিনি জানান, ‘রাজধানীর ডেমরার চনপাড়ায় সরকারি দলের সন্ত্রাসীরা সাধারণ মানুষের বাড়ীঘরে হামলা, ভাঙ্গচুর, লুটপাট করে জনমনে ত্রাসের সৃষ্টি করেছে। গত কয়েক দিনে সন্ত্রাসীরা কমপক্ষে ৩০ বাড়ীঘরে হামলা ও লুটপাট করেছে। ছোট-বড় ১৬ টি দোকান তালাবদ্ধ করে দিয়েছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছে। শতাধিক মানুষ ঘরবাড়ী ছাড়া হয়েছে। ’
তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার জামায়াত-শিবিরসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করে কথিত রিমান্ডের নামে নির্মম ও নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছে সরকার।
শুধু নভেম্বরেই রাজধানীতে মহিলাসহ অর্ধশতাধিক গ্রেফতার করেছে। রাজধানীর কদমতলী থানায় স্বামীকে না পেয়ে জোহরা বেগম নামে এক মহিলাকে গ্রেফতার করেছে। কাফরুল থানায় সাব্বির নামে একজনকে গ্রেফতার করে কথিত রিমান্ডের নামে নির্যাতন চালাচ্ছে। সরকারের জিঘাংসা থেকে নারীরাও রেহাই পাচ্ছে না। ’
তিনি সরকারকে গ্রেফতার বন্ধের আহবান জানিয়ে বলেন, ‘ষড়যন্ত্র, হঠকারীতা পরিহার ও গণগ্রেফতার বন্ধ এবং জামায়াত-শিবির নেতাকর্মীসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিন।’
এআই





