সারাদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবরোধ ডাকার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।

দলটির সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার রাতে ধানমন্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ ঘোষণা দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘জনস্বার্থে জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারাদেশে শান্তিপূর্ণ অবস্থান নেবেন।’

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘আমরা নাশকতাকে অবরোধ করব। সহিংসতাকে প্রতিরোধ করব। ককটেল ও পেট্রোল বোমা সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াব।’

তিনি বলেন, ‘অবরোধের নামে দেশের মানুষকে অবরুদ্ধ করে সন্ত্রাসকে পুঁজি করে জনগণের জনগণের মন জয় করা যায় না। প্রতিহিংসার অসুস্থ রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে এসে তাকে জনগণের কাছে যেতে হবে। খালেদা জিয়াকে তার ঘোষিত অবরোধ কর্মসূচিকে প্রত্যাখ্যান করাও আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা।’

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এ ফ ম বাহাউদ্দিন নাসিম, আহমদ হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, আব্দুল মান্নান খান, ত্রান বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডভোকেট মোল্লা আবু কাওসার ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাজফুজুল হায়দার চৌধুরী রোটন।

জেডআই