ঢাকা উত্তর সিটি নির্বাচনে (ডিএনসিসি) আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, মানুষ যত বেশি কেন্দ্রে আসবে নৌকার ভোট তত বাড়বে। নৌকার বিজয় হবেই ইনশাআল্লাহ।

শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে এসে তিনি একথা বলেন।

নির্বাচনের জন্য আজকের রাত অনেক গুরুত্বপূর্ণ, শেষ মুহূর্তে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? এমন প্রশ্নে আতিকুল বলেন, আমি মনে করি, এটি একটি অংশগ্রহণমূলক নির্বাচন। গত ১০ জানুয়ারি থেকে রাত নেই দিন নেই, সব বাদ দিয়ে আমরা কিন্তু মাঠের মধ্যে ছিলাম ইলেকশনের আমেজটা ধরে রাখার জন্য।

আওয়ামী লীগের মেয়রপ্রার্থী বলেন, আমাদের দল এবং বিরোধী দলকে বলব নির্বাচনে হার জিত থাকবেই, শেষ মুহূর্ত পর্যন্ত ভোটের মাঠে থাকবেন। নগরবাসীকে বলব কালকে ছুটির দিন আপনারা সবাই গিয়ে ভোট দেবেন।

ওবায়দুল কাদেরকে হাসপাতালে দেখে আতিকুল বলেন, দোয়া করি, রাব্বুল আলামীন আমাদের পার্টির সাধারণ সম্পাদককে যেন দ্রুত সুস্থ করে দেন। সবাইকে অনুরোধ করব তার জন্য দোয়া করবেন। এখন তিনি অনেক ভালো এবং সুস্থ আছেন।

এমবি