কয়েক ধাপে সদ্যসমাপ্ত হওয়া উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন করা বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।
আজ শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূচনা বক্তব্য শেষে যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকার সাংগঠনিক প্রতিবেদন তুলে ধরেন। তাদের প্রতিবেদনের সঙ্গে সঙ্গতি রেখে বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও মোহাম্মদ নাসিম।
সাংগঠনিক প্রতিবেদনে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের নাম ও তাদের অপরাধের মাত্রার বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। জাতীয় নির্বাচন ও উপজেলা নির্বাচন ছাড়াও দলের ও বিভিন্ন কর্মসূচিতে যারা শৃঙ্খলা ভঙ্গ করেছেন তাদের বিষয়েও উল্লেখ আছে প্রতিবেদনে।
সম্পাদকমণ্ডলীর দুইজন নেতা শেখ হাসিনার উদ্বৃতি দিয়ে জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের যারা প্রত্যক্ষ-পরোক্ষ ইন্ধন ও মদদ দিয়েছেন তাদেরকে সাসপেন্ড (বহিষ্কার) করা হবে। তবে ১৫ দিনের সময় বেঁধে দিয়ে তাদের শোকজ (কারণ দর্শানো) করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।
এই সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর অনড় অবস্থানের কথা তুলে ধরে ওই নেতারা আরও বলেন, নৌকার বিরুদ্ধে অবস্থান নেয়া দলীয় নেতাদের কোনো রকম ছাড় দেয়া হবে না। দলীয় শৃঙ্খলা না থাকলে সংগঠন হিসেবে আওয়ামী লীগকে পেছনে হাঁটতে হবে বলে শেখ হাসিনা বৈঠকে উল্লেখ করেন।
সভায় উপস্থিত নেতারা জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, উপদেষ্টা পরিষদ সদস্য, মন্ত্রী, সংসদ সদস্য, জেলা-উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সকলকেই সাসপেন্ডের আওতায় আনা হবে।
জেড





