নিউইয়র্কে বিতর্কিত বক্তব্য দিয়ে কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী নিজেকে একজন ইসলাম বিরোধী ব্যক্তি হিসেবে প্রমাণ করেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। রোববার এক বিবৃতি তিনি এ মন্তব্য করেন।

৩ জুলাই বিকেলে নিউইয়র্কের বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত ‘বাংলাদেশ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখেন আ. গাফফার চৌধুরী। সেখানে তিনি মহান আল্লাহ তায়ালার ৯৯ নাম, রাসূল (স.), আরবী ভাষা ও মুসলিম নারীদের হিজাব পরা এবং হযরত আবু বকর ও আবু হোরায়রা (রা.) এর নাম সম্পর্কে মনগড়া ও বিকৃত বক্তব্য প্রদান করেন বলে অভিযোগ উঠেছে।

বিবৃতিতে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আল্লাহ, রাসূল (স.), আরবী ভাষা ও মুসলিম নারীদের হিজাব পরা সম্পর্কে বিকৃত, বানোয়াট ও গর্হিত বক্তব্য প্রদান করার কোনো এখতিয়ার তার নেই। এই বক্তব্য প্রদানের মাধ্যমে ইসলাম সম্পর্কে তার চরম অজ্ঞতাই প্রকাশিত হয়েছে।

তিনি বলেন, দাঁড়িওয়ালা ও টুপি পরিহিত সৎ এবং ধার্মিক লোকদের সম্পর্কে ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে তাদের চরিত্র হননের অপচেষ্টা চালিয়েছেন গাফফার চৌধুরী।

হযরত আবু হোরায়রা (রা:) এর নাম সম্পর্কে মনগড়া ও বিকৃত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুজিবুর রহমান বলেন, তিনি এই মনগড়া বিকৃত বক্তব্য দিয়ে বিশ্বের ১৫০ কোটি মুসলমানের ঈমান-আক্বিদা এবং ইসলামের ওপর আঘাত দিয়ে মারাত্মক অপরাধ করেছেন। তার এ বক্তব্যে সারা বিশ্বের মুসলমান বিক্ষুব্ধ ও মর্মাহত।

অধ্যাপক মুজিবুর বলেন, কোনো মুসলমানের পক্ষে এ ধরনের অন্যায় ও অযৌক্তিক বক্তব্য প্রদান করা সম্ভব নয়। তার এ অন্যায় বক্তব্যের প্রতিবাদ জানানো প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব।

ইসলাম বিরোধী বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে আল্লাহর কাছে তওবা এবং বিশ্বের মুসলমানদের নিকট নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ারও আবদুল গাফফার চৌধুরীর প্রতি আহবান জানান এই জামায়াত নেতা।

এআর