বাংলা নববর্ষ উপলক্ষে দেশ-বিদেশের সকল বাংলাদেশিদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
রোববার বিকালে দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষরিত এক বিবৃতিতে বেগম খালেদা জিয়া বলেন, ‘১৪২১ বাংলা সনের নতুন প্রভাতের প্রথম আলোতে আমি দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।’
খালেদা জিয়া তার শুভেচ্ছা বাণীতে বলেন, ‘সুদীর্ঘকাল ধরে নতুন আঙ্গিক, রূপ, বর্ণ ও বৈচিত্র্য নিয়ে জাতির জীবনে বারবার ঘুরে আসে পহেলা বৈশাখ। অনন্তকাল ধরে গড়ে উঠা আমাদের ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অহংকারকে বিদেশি আধিপত্যবাদী প্রভুরা খর্ব করার নানা ফন্দি করেছে, কিন্তু সফল হয়নি। ১লা বৈশাখ আমাদের গর্বিত ঐতিহ্যকেই স্মরণ করিয়ে দেয়, এদিন জেগে উঠে জাতির আত্মপরিচয়।’
সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নানা ঘটনা ও দূর্ঘটনার সাক্ষী ১৪২০ সালের চৌকাঠ ডিঙ্গিয়ে ১৪২১ সালের দরজায় উপস্থিত হয়েছি। গত বছরের দুঃখ, অবসাদ-ক্লান্তি, হতাশা-গ্লানিকে অতিক্রম করে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার নির্দেশনা নিয়ে এসেছে বাংলা নববর্ষ।’
বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ উল্লেখ করে খালেদা জিয়া আরও বলেন, ‘বাংলা সন-তারিখ আমাদের প্রাত্যহিক জীবন ও জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ বছরের এই দিনে আমি সকলের কল্যাণ কামনা করি।
নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ। বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, সবার জীবন হয়ে উঠুক সমৃদ্ধময়। নববর্ষের এই নতুন সকালে মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে সকলের ব্যক্তিগত, পারিবারিক এবং জাতীয় সকল পর্যায়ে সুখ ও শান্তি কামনা করি।’
[b]ঢাকা, এমএইচ, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]





