ইসলামী ফ্রন্ট নেতা ও টেলিভিশনে ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক নূরুল ইসলাম ফারুকীর হত্যার ঘটনার সঙ্গে জামায়াত-শিবিরকে দায়ী করে ইসলামী ছাত্রসেনার দেয়া বক্তব্যকে ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।
দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, মাওলানা নূরুল ইসলাম ফারুকীর সঙ্গে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কোনো শত্রুতা ছিল না। কাজেই তার হত্যার সাথে জামায়াত-শিবিরের দূরতম সম্পর্ক থাকার প্রশ্নই আসে না। মাওলানা ফারুকীর হত্যাকাণ্ডের ব্যাপারে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করে যারা ভিত্তিহীন মিথ্যা বক্তব্য দিচ্ছেন তারা প্রকৃত খুনীদের আড়াল করতে চাচ্ছেন। তারা এই হত্যাকান্ডের বিচার চান না বলেই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়ার আগেই জামায়াত ও ছাত্রশিবিরকে দায়ী করে মিথ্যা বক্তব্য দিয়ে খুনীদের রক্ষা করার চেষ্টা চালাচ্ছেন।
হামিদ আযাদ বলেন, যারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বক্তব্য দিচ্ছেন তারা জ্ঞানপাপী। ফারুকীর হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং বিচারের স্বার্থেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য তিনি ইসলামী ছাত্রসেনার নেতাদের প্রতি আহ্বান জানান।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





