জামায়াতে ইসলমীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে বলেছেন, এই সরকার শেষ সরকার নয়। আপনারা সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার নিষ্ঠুর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে মানুষ হত্যার জঘন্য অপরাধ থেকে বিরত হোন। নিহতদের পরিবারের আর্তনাদ আপনাদের জুলুমের হাতকে ভেঙ্গে চুরমার করে দেবে।
সাতক্ষীরায় জামায়াত নেতা মাওলানা আশরাফুল ইসলামকে  হত্যা করার  প্রতিবাদ জানিয়ে বুধবার এক বিবৃতিতে এ সব কথা বলেন তিনি।
ডা. শফিক বলেন, কালীগঞ্জ উপজেলার সাদপুর দাখিল মাদ্রাসার সুপার জামায়াত নেতা মাওলানা আশরাফুল ইসলামকে  ৬ মে দিবাগত রাত ১২টায় তার বাসা থেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। তাকে রাত ২:৩০মিনিটে একটি ভ্যানে করে ভদ্রখালী হাইস্কুল মাঠে নিয়ে পুলিশ ঠাণ্ডা মাথায় গায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে।
তিনি বলেন,  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নিয়ে সাতক্ষীরায় জামায়াত ও ছাত্রশিবিরের ৩২ জন নেতাকর্মীকে গুলি করে হত্যা করলো। পুলিশের গুলিতে আহত হয়েছে কয়েকশত লোক। হত্যা করার পর বন্দুকযুদ্ধে নিহত হওয়ার কথা প্রচার করে পুলিশ নিহতদের প্রতি নির্মম উপহাস করেছে।
তিনি আরও   বলেন,   আইনশৃঙ্খলা বাহিনী আইন-আদালত ও সংবিধানের তোয়াক্কা করছে না।  সরকারকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, মানুষ হত্যা করার কোন অধিকার জনগণ আপনাদেরকে দেয়নি। কেউ আইনের ঊর্ধ্বে নয়। অন্যায়ভাবে যারা মানুষ হত্যা করছে অবশ্যই তাদেরকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে।
আশরাফুল ইসলামের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তার হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য সরকারের প্রতি আহবান জানান ডা. শফিকুর রহমান।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]