খুলনা জেলার কয়রা উপজেলা জামায়াতের ইসলামীর আমীর সোহরাব হোসাইন, সহকারী সেক্রেটারী এডভোকেট আওছাফুর রহমান ও ছাত্রশিবিরের নেতা মামুনসহ সারাদেশে জামায়াত-শিবিরের নেতা-কর্মী ও শতাধিক লোককে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ সারাদেশে অন্যায়ভাবে লোকদের গ্রেফতার করছে। এ গ্রেফতার অভিযানের মাধ্যমে সরকারের একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে।

তিনি বলেন, সরকার দেশকে রাজনীতি শূন্য করার হীন উদ্দেশ্যেই অন্যায়ভাবে গ্রেফতার অভিযান চালাচ্ছে। সরকার দেশে বিরোধী দলের অস্তিস্ত স্বীকার করতে চায় না। নেতা-কর্মীদের গ্রেফতার করে জেলে নিয়ে জনগণের আন্দোলন বন্ধ করা যাবে না।

তিনি বলেন, "সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে গ্রেফতার এবং নির্যাতন বন্ধ করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ গ্রেফতারকৃত সবাইকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানাচ্ছি।"

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় খুলনা জেলার কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক সোহরাব হোসাইন, সহকারী সেক্রেটারী এডভোকেট আওছাফুর রহমান ও ছাত্রশিবিরের নেতা মামুনসহ সারাদেশে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদেরকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যায়ভাবে গ্রেফতার করে।

এমকে