বিএনপি নেতাদের নামে যেসব মামলা দেয়া হয়েছে তার কোন ভিত্তি ও প্রমাণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে তাঁতী দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ সব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, এ সরকারের লোকজন বলে বিএনপির কোমর ভেঙে গেছে; আর দাঁড়াতে পারবে না। তাহলে সরকার কেন বিএনপিকে ভয় পায়? যতবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নাম রাস্তা-ঘাটে সরকারের লোকেরা নেয় ততবার আল্লাহ ও রাসুলের নাম নিলে তারা বেহেস্তে যেতেন। তাদের একটাই শপথ ২০ দল, খালেদা জিয়া ও তারেক রহমানের নামে অপপ্রচার চালাতে হবে।
তিনি বলেন, দেশ-বিদেশে সবাই জানে সরকার কায়দা কানুন করে ক্ষমতায় বসে আছে। আওয়ামী লীগ সব সময় প্রচার করে তারা জনপ্রিয়। দেশ-বিদেশের সবাই বলছে আপনারা জনপ্রিয় হলে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে ক্ষমতায় আসুন।
এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন ইসলাম খান। ইফতার মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। ইফতার মাহফিলে ২০ দলীয় জোট শরিক এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, ডেমোক্রেটিক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, তাঁতী দলের সহ সভাপতি জাহাঙ্গির আলম মিন্টুসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এআই/





