এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আশা করা বৃথা- এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমি এখনও বিশ্বাস করি না এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন সুষ্ঠু সম্ভব।’
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌর এলাকায় নির্বাচনী প্রচরণায় অংশ নিতে এসে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জাবাবে একথা বলেন তিনি।
গয়েশ্বর বলেন, ‘খালেদা জিয়া যাতে প্রচারণায় নামতে না পারেন সে কারণে আগে থেকেই নির্বাচন কমিশন বিধি জারি করেছে। তারা কিছুক্ষণ পর পরই বিধি জারি করে। কমিশন এখন বলছে, দলীয় প্রধানরা নাকি নির্বাচনে অংশ নিতে পারবেন না।’
তবে নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী যদি সুযোগ থাকে তাহলে বেগম খালেদা জিয়া প্রচারণায় নামবেন। সুযোগ না থাকলে নামবেন না বলে জানান তিনি।
সরকারি দলের লোকজন প্রতিদিনই আচরণবিধি লঙ্ঘন করছে অভিযোগ করে তিনি বলেন, ‘বিষয়টি যেন আচরণ বিধি অনুযায়ী গণ্য করা হয়।’
নির্বাচনে জেতার আশা ব্যক্ত করে গয়েশ্বর চন্দ্র বলেন, ‘আত্মসমর্পণ না করার চাইতে যুদ্ধে পরাজিত হওয়া ভালো।’
বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই দাবি দলটির এই নেতা বলেন, ‘দলীয় প্রতীক যে পেয়েছেন সে-ই একমাত্র আমাদের প্রার্থী।’
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনির, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াৎ হোসেন খান, তারাব পৌরসভা নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী নাছির উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএইচ





