জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টিতে নতুন প্রাণ সঞ্চার হয়েছে। প্রায় প্রতিদিন জাতীয় পার্টিতে যোগদান করছেন সমাজের বিভিন্ন পেশার মানুষ।
নারায়ণগঞ্জের শিল্পপতি মো. শামীম মিয়ার নেতৃত্বে মঙ্গলবার দুপুরে শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে বনানী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ সব কথা বলেন তিনি।
এরশাদ বলেন, দেশের মানুষ জাতীয় পার্টির ৯ বছরের শাসনামলের কথা ভুলে যায়নি। ৯ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে সে কথা মানুষ আবার স্মরণ করছে। জনগণ মনে করছে, দেশ পরিচালনায় জাতীয় পার্টির বিকল্প নেই।
নারায়ণগঞ্জের নির্বাচন প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ডের সভায় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করা হবে।’
যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]