২০ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ কল্যাণ পার্টি’র মহাসচিব এ এম এম আমিনুর রহমান নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

গত ২৭ আগস্ট রাতে নয়াপল্টন এলাকা থেকে সাভার আমিন বাজারের নিজ বাসভবনে যাওয়ার পথে এ এম এম আমিনুর রহমান নিখোঁজ হন বলে কল্যাণ পার্টির চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ ইবরাহীম জানিয়েছেন।

এ ঘটনার প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে খালেদা জিয়া বলেন, “আমি বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে গুম করার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করছি। তাকেসহ গুম হওয়া ব্যক্তিদের অবিলম্বে জনসম্মুখে হাজির করার আহ্বান জানাচ্ছি। এ সমস্ত গুমের ঘটনা সরকারের অজ্ঞাতসারে ঘটেনি। সরকারকেই গুম হওয়া ব্যক্তিদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে।“

বিএনপি চেয়ারপার্সন বলেন, “দেশে এখন আদিম হিংস্রতা বিরাজ করছে। আতঙ্ক ও ভয়ে পরিব্যাপ্ত রাষ্ট্র সমাজ। দেশে মনে হয় উনবিংশ শতাব্দির ঠগিদের আধিপত্য বিস্তারলাভ করেছে।”

খালেদা জিয়া বলেন, “বর্তমান গণবিরোধী সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই দেশকে গুম, খুন, অপহরণ, গুপ্তহত্যার লীলাভূমিতে পরিণত করেছে। অন্ধ, বন্ধ্যা দুঃশাসনের অচলায়তনে দেশকে বন্দি করে রেখেছে তারা। এরা বছরের পর বছর ধরে বিএনপির অসংখ্য নেতাকর্মীদেরকে বিচারবহির্ভূত হত্যার শিকারে পরিণত করে গুমের হিড়িক বজায় রেখেছে।”

বিএনপি চেয়ারপার্সন আরও বলেন, “অবৈধভাবে ক্ষমতায় থাকার উচ্চাভিলাষ চরিতার্থ করতেই এরা দেশকে বিরোধী দলশূন্য করার মহাযজ্ঞে মেতে উঠেছে। গত সাত দিনে বিএনপি নেতা সৈয়দ সাদাত হোসেন, ব্যাংকার, ব্যবসায়ী এবং সবশেষে বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব গুম হওয়ার ঘটনা বাংলাদেশের নাগরিকদেরকে উদ্বিগ্ন করে তুলেছে। এ সমস্ত গুমের ঘটনায় সারা জাতি এখন দুঃশ্চিন্তাগ্রস্ত।”

এএইচ