প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের আসনে উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাংস্কৃতিক সংগঠক রফিউর রাব্বি।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্তের কথা মঙ্গলবার সাংবাদিকদের জানান তিনি।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমানের ছোট ভাই আওয়ামী লীগ নেতা শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য। নিজের ছেলে ত্বকী খুন হওয়ার জন্য এই ওসমান পরিবারকেই দায়ী করে আসছেন নাগরিক আন্দোলনের নেতা রফিউর।
২০১৩ সালের ৬ মার্চ নিখোঁজ হন স্কুলছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী, দুদিন পর শীতলক্ষ্যা নদী সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার হয়।
ত্বকীর হত্যাকারীদের বিচার দাবিতে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় গড়ে ওঠে ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’, যার আহ্বায়কের দায়িত্ব পালন করছেন রফিউর রাব্বি।  
গত ৩০ এপ্রিল জাতীয় পার্টির সভাপতিমণ্ডলির সদস্য নাসিম ওসমান মারা যান।
আগামী ২৬ জুন এই শূন্য আসনে উপ-নির্বাচনের দিন রেখেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ মে পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
নাসিম ওসমান ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ ও ২০১৪ সালে জাতীয় পার্টির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
নাসিম ওসমানের বাবা একেএম সামসুজ্জোহা ১৯৭৩ সালে এই আসনেরই সংসদ সদস্য ছিলেন।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ

[/b]