প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংবিধান সংশোধন নিয়ে সাবধানী হয়ে কথা বলতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
তিনি বলেন, এটা বাংলাদেশ। কথাবার্তা বেফাঁসভাবে বললে এদেশের মানুষ আপনাকে ছেড়ে দিয়ে কথা বলবে না।
মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতির হলরুমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া আগামী নির্বাচন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিহীন হবে বলে বক্তব্য দিয়েছেন। এছাড়া তিনি নির্বাচিত হলে সংবিধান পরিবর্তন করবেন বলে জানিয়েছেন। কথাবার্তায় সাবধানী হতে হুঁশিয়ারি উচ্চারণ করে খালেদা জিয়ার উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘কথাবার্তা সাবধানে বলবেন, এটা শেখ মুজিবের বাংলাদেশ।
তিনি বলেন, আপনিতো মাইনাস হয়ে গিয়েছিলেন। শেখ হাসিনার জন্যই দেশে আছেন, নির্বাচন করার সুযোগ পেয়েছিলেন, কথা বলতে পারছেন। আপনি যদি কনস্টিটিউশন বানান করতে পারেন তবে যা ইচ্ছা কইরেন।
আলোচনা সভার আগে আইনমন্ত্রী ঢাকা সিএমএম আদালতে একটি লিফট, মহানগর দায়রা জজ আদালতে দুটি এসি এবং জেলা জজ আদালতের সামনে একটি গার্ডেনের উদ্বোধন করেন।
ঢাকা আইনজীবী সমিতি সভাপতি সাইদুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ছিলেন অ্যাডভোকেট সানজিদা ইসলাম এমপি, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান, মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা, সিএমএম শেখ হাফিজুর রহমান, সিজেএম হোসনে আরা বেগম এবং ঢাকা আইনজীবী সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক এবং সভাপতিসহ আইনজীবীবৃন্দ।
এমআইএস।





