প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতি উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এইচটি ইমাম বলেছেন, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন। 

আজ বুধবার দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) দলের পক্ষ থেকে অভিযোগ করতে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিতের বিষয়ে এইচটি ইমাম বলেন, ‘এটি ইসির ব্যর্থতা নয়। সরকার শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে জিরো টলারেন্স অবস্থান গ্রহণ করেছে। এর সুযোগ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ও প্রশাসনের বাড়াবাড়ির কারণে কোথাও কোথাও সহিংসতার সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে অবহিত করতে এসেছি যাতে তারা তাৎক্ষনিক ব্যবস্থা নিতে পারেন।’

বিএনপি’র অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা নতুন কোনো বিষয় নয়। ইতোপূর্বে তাদের নিজে নিজে গায়েব হয়ে যাওয়া এবং নিজে নিজে আবার উদয় হওয়ার ঘটনা আমরা দেখেছি। আমরা তাদের অভিযোগগুলো এভাবে দেখছি। তারা কাল্পনিক কিছু অভিযোগের নামে গালগল্প নিয়ে ইসিতে হাজির হয়েছে কিন্তু আমরা সুনির্দিষ্ট তথ্য নিয়ে কমিশনকে অবহিত করতে এসেছি। কোনো অভিযোগ নিয়ে আসিনি।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন শান্তিপূর্ণ করার স্বার্থে যে কোনো ধরণের ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা তাদের রয়েছে। তাই আমরা নির্বাচনের সার্বিক পরিস্থিতি তাদের অবহিত করতে এসেছি। তারা ব্যবস্থা গ্রহণ করছেন।

১৪টি কেন্দ্রে ভোটগ্রহন স্থগিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘৩ হাজার ৫৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত বড় কোনো বিষয় না। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে। জামায়াত যেহেতু নির্বাচন করতে পারছে না সেহেতু তারা সর্বশক্তি দিয়ে বিএনপিকে সহযোগিতা করছে এবং নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।’

এআই