একাত্তরে মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যকে যথার্থ বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান শাহ্ মোয়াজ্জেম হোসেন।
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বিএনপি নেত্রী কী বক্তব্য দিলেন যে তিনি অপরাধী হয়ে গেলেন? আমরা সবাই তার কথার সমর্থন জানালাম। পারলে এখন সবাইকে গ্রেফতার করুন।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণ শাখা এর আয়োজন করে।
খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেওয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে শাহ্ মোয়াজ্জেম বলেন, ‘একাত্তরে খালেদা জিয়া পাকিস্তানিদের হাতে বন্দি ছিলেন। আপনি কোথায় ছিলেন? আর এখন তার নামে রাষ্ট্রদ্রোহ মামলা দিচ্ছেন।’
‘রাষ্ট্রদ্রোহিতার মামলা কীভাবে হয়? আপনি যা শুরু করেছেন তা ভালো করছেন না। পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীনতা এনে দিল্লির কাছে দিতে একাত্তরে জীবন বাজি রেখে যুদ্ধ করিনি।’
খালেদা জিয়ার বাড়ির দেয়ালে রাষ্ট্রদ্রোহ মামলার সমন টানিয়ে দেওয়ায় উষ্মা প্রকাশ করে বিএনপির এই প্রবীণ নেতা বলেন, ‘তাকে নিয়ে ফাজলামি, হাস্যরস করতে দেয়ালে সমন টানিয়ে দিলেন। কিছু বেয়াদবকে পাঠালেন, তারা গিয়ে এই কাজটি করল। এক মাঘে শীত যায় না। আপনি কত দিন ক্ষমতায় থাকবেন? মেঘে মেঘে বেলা তো কম হলো না।’
‘অত্যাচার-নির্যাতন, গুম-খুন করে ক্ষমতায় থাকা যাবে না’ মন্তব্য করে শাহ্ মোয়াজ্জেম বলেন, ‘দেশে এখন চুরি-ডাকাতি, খুন-খারাবি ছাড়া কিছু হচ্ছে না। স্বাধীনতার বারোটা বাজিয়ে দেওয়া হয়েছে। সভা-সেমিনার করা যায় না, মানুষ নির্বিঘ্নে কথা বলতে পারে না। এই জন্য কি যুদ্ধ করেছি?’
পারস্পরিক দোষারোপের রাজনীতি পরিহার করে ‘স্বাধীনতা রক্ষা’য় দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক শক্তি বৃদ্ধির আহ্বান জানান তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, তথ্য ও গবেষণাবিষয়ক সহসম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাসাসের সভাপতি এম এ মালেকসহ আরো অনেকে।
এমএইচ





