রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ভাইস-চেয়ারম্যান ও জামায়াত নেতা-আবদুল বাসেত মারজান এবং স্থানীয় জামায়াত নেতা আল-আমীন ও তার স্ত্রী বিউটি বেগম এবং তাদের প্রতিবেশী মৌসুমী এখন কোথায়, কি অবস্থায় আছেন সে সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য প্রদানের জন্য সংশ্লষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছে জামায়াতে ইসলামী।
জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ মঙ্গলবার বিবৃতিতে এ আহবান জানান।
বিবৃতিতে তিনি বলেন, আবদুল বাসেত মারজানকে ঢাকার মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে ডিবি পুলিশ গত ১ ফেব্রুয়ারি আটক করে। এর আগে মিঠাপুকুর উপজেলা জামায়াত নেতা আল-আমীন ও তার স্ত্রী বিউটি বেগম এবং তাদের প্রতিবেশী মৌসুমীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত ১৫ জানুয়ারি রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে তাদের আজ পর্যন্ত আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
তিনি জানান, তাদের আত্মীয়-স্বজন শৃংখলারক্ষাকারী বাহিনীর কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিয়েও তাদের নিকট থেকে কোন খোঁজ-খবর পাচ্ছেন না।
তিনি বলেন, গ্রেফতার বা আটক করার ২৪ ঘন্টার মধ্যেই আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করার আইনী বিধান থাকলেও আজ পর্যন্ত তাদের আদালতে সোপর্দ না করে সরকার দেশের সংবিধান ও আইন এবং মানবাধিকার লংঘন করেই চলেছে।
তিনি দাবি করেন, এ ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, দেশে আজ গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার নেই। সরকার অন্যায় ও অবৈধভাবে ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য মানুষ হত্যা, অপহরণ ও গুম এবং সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। দেশে আজ মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। দেশের সাড়ে ১৬ কোটি মানুষ আজ গভীর উদ্বেগ, উৎকণ্ঠা ও আতংকের মধ্যে বাস করছে।'
তারা কী অবস্থায় আছেন সে সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য প্রদান করে তাদেরকে পরিবার-পরিজনের কাছে ফিরিয়ে দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।
জেএ





