পার্লামেন্টের উচ্চ কক্ষ গঠনের কর্মসূচি গ্রহণ করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি নেতৃবৃন্দ।
পার্টির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন আজ এক বিবৃতিতে বলেন, জেএসডি দীর্ঘদিন ধরে দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন, ক্ষমতার কার্যকর বিকেন্দ্রীকরণ, সরকারের ক্ষমতা চর্চায় নিয়ন্ত্রণ ও ভারসাম্য প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। বিভিন্ন পেশাজীবী মহলও এ দাবির প্রতি সমর্থন জানিয়েছে।
নেতৃবৃন্দ বলেন, বিলম্বে হলেও গতকাল অনুষ্ঠিত বিএনপির কাউন্সিল অধিবেশনে বেগম খালেদা জিয়া তৃণমূল জনগোষ্ঠী, পেশাজীবী প্রতিনিধি ও জ্ঞানী-গুনী-পণ্ডিত-বিশেষজ্ঞদের নিয়ে পার্লামেন্টের উচ্চ কক্ষ গঠনসহ দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের যে কর্মসূচি ঘোষণা করেছেন তার জন্য তাকে ধন্যবাদ ও অভিনন্দন।
নেতৃবৃন্দ দেশের প্রধানমন্ত্রীকেও দ্বি-কক্ষ পার্লামেন্ট গঠনের উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে গনতন্ত্রের ভিতকে সুদৃঢ়, শক্তিশালী ও নির্বাচনকালীন সরকার ব্যবস্থাকে সর্বস্তরে গ্রহণীয় করার পথ তৈরির আহবান জানান।
এসটি





