কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে ২৩ নভেম্বর ঢাকাসহ সারাদেশে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।
আজ (১৯ নভেম্বর) মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন খালেদার জামিনে সরকার বাধা দিচ্ছে। তাকে নিয়ে কোনো মিথ্যাচার-অপপ্রচার ও কুৎসা না রটিয়ে আজই মুক্তি দিন। তার জামিনে কোনো বাধা দেবেন না। তার পছন্দমত হাসপাতালে তাকে সুচিকিৎসার নেয়ার সুযোগ দিন।
রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২৩ নভেম্বর ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে। ঢাকায় হবে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ২টায় এই প্রতিবাদ সমাবেশ হবে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া মাহফিল হবে বলে জানান তিনি।
ঢাকা কেন্দ্রীয়ভাবে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ২১ নভেম্বর দোয়া মাহফিল হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি ও আবদুস সালাম আজাদ প্রমূখ।
এমবি





