৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে জবরদখলকারী আওয়ামী সরকার রাষ্ট্রীয় ক্ষমতা দখলে রেখেছে। তাদের অগণতান্ত্রিক, অন্যায়, অপকর্মের বিরুদ্ধে চলমান আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের মনে ভয় দেখাতেই মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার, রিমান্ডের নামে পাশবিক নির্যাতন অব্যাহত রেখেছে।

গাইবান্ধা জেলার ২০ নেতাকে কারাগারে প্রেরণের প্রতিবাদে শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে মির্জা আলমগীর অভিযোগ করেন, জেলার গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক কবির আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ২০ জন নেতার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, নেতৃবৃন্দের জামিন বাতিল করে কারাগারে নিক্ষেপ বর্তমান ক্ষমতাসীনদের ধারাবাহিক কুকর্ম থেকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।

মিথ্যা মামলায় গ্রেফতারের মাধ্যমে নির্যাতন চালিয়ে বিএনপির ন্যায়সঙ্গত আন্দোলন স্তব্ধ করা যাবে না বলে সরকারকে হুঁশিয়ার করে দিলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণআন্দোলনের মাধ্যমে সরকারকে গদিচ্যুত করতে নেতাকর্মীরা দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান দলের এই মুখপাত্র।
 
মির্জা আলমগীর অবিলম্বে গাইবান্ধা জেলার নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

জেআই