বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলন আগামী মে মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এ নির্দেশনা দিয়েছেন বলে বৈঠক সূত্র নিশ্চিত করেছে।

বৈঠক সূত্র জানায়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান ছাত্রলীগের সম্মেলন বিষয়ে আলোচনা শুরু করেন। তিনি বলেন, ছাত্র সংগঠনের সম্মেলন হলে সংগঠন গতিশীল হয়, নতুন নেতৃত্ব উঠে আসে। তাই ছাত্রলীগের সম্মেলন যথাসময়ে হওয়া উচিত। তাছাড়া গঠনতন্ত্রে বয়স নির্ধারণ করে দেওয়ার জন্য যথাসময়ে সম্মেলন করতে না পারলে বয়সের জন্য যোগ্য নেতৃত্বরা বঞ্চিত হবেন। যোগ্য নেতৃত্ব নিয়ে আনার জন্য দ্রুত সম্মেলন করা প্রয়োজন। এ প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, সম্মেলন মে মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহেই যেন করা হয়। এ সময় মে মাসের ১১ তারিখ ছাত্রলীগের সম্মেলন করা যায় কিনা এমন আলোচনাও করেন আবদুর রহমান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সম্মেলন ছাত্রলীগের। এ কারণে ছাত্রলীগকেই তারিখ নির্ধারণ করতে দিলে ভালো হয়। ছাত্রলীগ নেতাদের সঙ্গে আলোচনা করে তারিখ নির্ধারণ করার নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, রোজার আগেই যেন সম্মেলন হয়। কারণ মে মাসের ১৭ তারিখে রোজা শুরু।

২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই সাইফুর রহমানকে সভাপতি ও এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কমিটির মেয়াদ দুই বছর। এ হিসেবে ২০১৭ সালের জুলাইয়ে এই কমিটির মেয়াদ শেষ হয়ে যায়।