বুধবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষ্যে এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এ আহ্বান জানান।

বিবৃতিতে বলেন, ‘৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন ও অ্যাজেন্সির তথ্য অনুযায়ী বর্তমান সরকারের শাসনামলে গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশে রাজনৈতিক নেতাকর্মী, ছাত্র, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার ৬৪৫ জনকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাদা পোশাকধারী ব্যক্তিরা অপহরণ করে গুম করেছে।

বিবৃতিতে আরো বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের (এএইচআরসি) হিসাবে এখনো নিখোঁজ রয়েছেন ১৫৩ ব্যক্তি, যারা গত ১৩ বছরে বিভিন্ন সময়ে গুম হয়েছেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, হংকংভিত্তিক এই সংস্থার মতে, ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশে ৬২৩ ব্যক্তি গুমের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৮৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত অবস্থায় ফিরে এসেছেন বা পরবর্তী সময়ে গ্রেফতার দেখানো হয়েছে ৩৮৩ জনকে। তিনজনের বিষয়ে কোনো তথ্যই জানা যায়নি। আমি গুম হওয়া মানুষদের প্রতি গভীর উদ্বেগ এবং তাদের আত্মীয়-স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি।

তিনি আরো বলেন, বাংলাদেশে ‘গুম’ বা ‘নিখোঁজ’ ইস্যুতে বিদেশীদেরও আগ্রহ রয়েছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গুমের শিকার ব্যক্তিদের বাসায় গিয়ে খোঁজ নিয়েছেন। এমনকি গুমের শিকার ব্যক্তিদের পরিবারের খোঁজ নিতে গিয়ে অনেকে হামলার শিকার হয়েছেন।

২০২২ সালের আগস্ট মাসে জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেট বাংলাদেশ সফর করেন। জাতিসঙ্ঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ বিভিন্ন সময় গুমের শিকার হওয়া ৭৬ জনের একটি তালিকা ২০২১ সালে বাংলাদেশ সরকারকে হস্তান্তর করেন।

জামায়াতের আমির বলেন, যাদের গুম করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী, জামায়াতে ইসলামীর সাবেক নির্বাহী পরিষদ সদস্য শহীদ মীর কাসেম আলীর ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আরমান আহমদ বিন কাসেম, হাফেজ জাকির হোসাইন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ইসলামী ছাত্রশিবিরের নেতা আল মোকাদ্দাস ও মোহাম্মদ ওলিউল্লাহ এবং বিএনপির নেতা জনাব ইলিয়াস আলী ও সাবেক কমিশনার চৌধুরী আলম প্রমুখ।

জামায়াতের আমির আরো বলেন, সরকার ও তার আইন-শৃঙ্খলা বাহিনী গুম হওয়া ব্যক্তিদের তাদের পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার ব্যাপারে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে। গুম হওয়া ব্যক্তিদের আত্মীয়-স্বজন সাংবাদিক সম্মেলন করে আপনজনকে পরিবারের নিকট ফেরত দেয়ার জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা ও সাড়া পাওয়া যাচ্ছে না।

বর্তমান এই সরকারের সকল অগণতান্ত্রিক কর্মকাণ্ড, গুম, খুন ও জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

প্রেস বিজ্ঞপ্তি