‘অনৈতিক অবৈধ’ সরকার নিজেদের বৈধতার জন্য সব ধরণের অপকৌশল গ্রহণ করেছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতেই ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ডিসিসি নির্বাচনের কথা বলছে সরকার।

মঙ্গলবার সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামকে দেখতে গিয়ে তিনি একথা বলেন।

ফখরুল বলেন, 'বরেণ্য চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম অনেক দিন ধরে অসুস্থ। বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে তাকে দেখতে এসেছি। আমরা আশা করি তিনি শিগগিরই সুস্থ হবেন। এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।'

মির্জা ফখরুল বলেন, 'অবৈধ সরকার বিরোধী দলের আন্দোলনকে দমন করতে সব ধরণের অপকৌশল করছে। এখন জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে এতোদিন পর ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কথা বলছে।'

অতীতে এই ধরণের সিদ্ধান্ত নিয়ে জনগণের আন্দোলন বন্ধ করা যায়নি এমন দাবি করে ডিসিসি নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে তিনি বলেন, 'যখন ওই নির্বাচন আসবে তখন দলীয় সিদ্ধান্ত জানানো হবে।'

বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ পত্র দাখিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'সাদেক হোসেন খোকা অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসাধীন আছেন। এই অবস্থায় তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দেয়া হয়েছে। আসলে সরকার বিএনপি, বিএনপি নেতা ও আন্দোলন নিয়ে এতো ভীতু যে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে মিথ্যা মামলা, নির্যাতন নিপীড়নের পথ বেছে নিয়েছে। এতে প্রমাণ হয় আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হয়ে গেছে।' জনগণের স্বস্ত:স্ফূর্ত আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের আওয়ামী লীগের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, '৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বর্তমান সংসদ গঠন করা হয়েছে। এতে জনগণের কোনো ম্যান্ডেট নাই। এখানে সত্যিকারের নয়, গৃহপালিত বিরোধী দল আছে যা দেশের সবাই জানে। তাই এই সংসদে বিরোধী দলের কোনো ভুমিকাই থাকতে পারে না। এটা একদলীয় ও অবৈধ সংসদ।'

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

এমএইচ/ এআর