জামায়াতে ইসলামীর আমির, বিশিষ্ট শিক্ষাবিদ ও জননেতা মকবুল আহমাদ এবং বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, সাবেক এমপি নায়েবে আমির মিয়া গোলাম পারওয়ারসহ ৯ কেন্দ্রীয় নেতাকে গ্রেফতারের প্রতিবাদে ও অবিলম্বে তাদের মুক্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

দলের ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার সহকারী এম আলাউদ্দিন আরমান স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এ তথ্য জানানো হয়।

বিক্ষোভ মিছিল পরর্বতী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, "সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার যে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তারই অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির বয়োবৃদ্ধ জননেতা মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ ৯ কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে। বর্তমান অবৈধ সরকার জনগণের কণ্ঠরোধ করে অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য জাতীয় নেতৃবৃন্দকে একের পর এক গ্রেফতার করছে।

দেশে আজ গণতন্ত্র ও আইনের শাসন বলতে কোন কিছুই নেই। সরকার বছরের পর বছর ধরে জামায়াতের কেন্দ্রীয় অফিস সহ দেশের অন্যান্য সকল অফিস বন্ধ করে রেখেছে। ঘরোয়া বৈঠক গুলোতেও হামলা চালিয়ে গ্রেফতার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রদান করছে।"

সরকারের এই জুলুম নির্যাতন ও দু:শাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি আহ্বান জানান।

আজ (মঙ্গলবার) সকালে মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবাবপুর রোডে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

নেতৃবৃন্দ আরও বলেন, জামায়াতের আমীর মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ ৯ কেন্দ্রীয় নেতাকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে এবং তাদের সাথে কোন অন্যায় আচরণ করা হলে সরকারকে এর জন্য কঠোর জবাবদিহী করতে হবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- মহানগরী কর্মপরিষদ সদস্য শামসুর রহমান, কামাল হোসেন, মহানগরী শূরা সদস্য আমিনুর রহমান, হাফিজুর রহমান, মতিউর রহমান, মহিবুল্লাহ ফরিদ, আবু আব্দুল্লাহ, মাহবুবুর রহমান, বাহার উদ্দিন ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক খালিদ মাহমুদ, ঢাকা মহানগরী পূর্বের সভাপতি ছাত্রনেতা সোহেল রানা মিঠু, ঢাকা মহানগরী পূর্বের সেক্রেটারি ছাত্রনেতা তোফাজ্জল হোসেন, শিবির ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি তারিক মাসুম, জামায়াত মতিঝিল থানা সেক্রেটারি মুতাসিম বিল্লাহ, খিলগাঁও থানা সেক্রেটারি মাহমুদ হাসান, রমনা দক্ষিণ থানা সেক্রেটারি আব্দুস সাত্তার সুমন প্রমূখ নেতৃবৃন্দ।

এমবি