গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াত।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে নিম্ন আয়ের লোকদের জীবন ধারণ দুর্বিষহ হয়ে পড়েছে। গ্যাস এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির কোনো যুক্তি নেই।
শফিকুর রহমান বলেন, সরকারি দলের কোনো কোনো নেতাও বলেছেন যে, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি অযৌক্তিক। গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি দেশের গোটা অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলবে।
তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে যানবাহনের ভাড়া বাড়তে শুরু করেছে, বাসা ভাড়া বৃদ্ধি পাচ্ছে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পাল্লা দিয়ে বাড়ছে।
ডা. শফিকুর বলেন, সঙ্গত কারণেই শিল্প ও কল-কারখানায় উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। মানুষের জীবন যাত্রার ব্যয় বেড়ে যাবে। দরিদ্র মানুষের ভোগান্তি আরো বাড়বে।
জামায়াত সেক্রেটারি বলেন, দেশের জনগণের উন্নতি ও কল্যাণের কথা সরকার মোটেও চিন্তা করে না। সরকার লুটপাট, দখলদারি, দুঃশাসন ও ভোগবিলাসে ব্যস্ত রয়েছে। বর্তমান সরকারের নিকট থেকে জনগণের কোনো কল্যাণ ও উন্নতি আশা করা যায় না।
বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য জামায়াতের সকল শাখা এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান।
এআই





