সরকারের মধ্যে জঙ্গি রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। কল্যাণপুরে পুলিশি অভিযানে ৯ ‘জঙ্গি’ নিহতের ঘটনা প্রসঙ্গে পুলিশের উদ্দেশে তিনি বলেন, কেন তাদের হত্যা করা হলো, তাদের গ্রেফতার করা গেল না কেন?

আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাইঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, তারা জঙ্গি হতে পারে। যদি জঙ্গি হয় তাহলে তাদেরকে গ্রেফতার করা যেতে পারত। পুলিশের সঙ্গে ফাইট হলে কেউ মারা যেতে পারে। তা যদি না হয় তাহলে তাদের গ্রেফতার করে বিচারের সম্মুখীন করেন, বিচার করে ফাঁসি দেন। আমাদের কোনো আপত্তি নেই। কারণ আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে। এরপরও যদি বিএনপির কাউকে পান তাহলে তাদের বিচারে সোপর্দ করেন। বিচার করে তার ফাঁসি দেন।

তিনি বলেন, এভাবে যদি গুলি করে কিছু লোককে মারার অধিকার দেন- তাহলে এদেশে এর চেয়ে খারাপ অবস্থা হতে পারে। কাউকে গুলি করে মারার অধিকার কে দিয়েছে?

আয়োজক সংগঠনের উপদেষ্টা আকবর হোসেন ভুইয়া নান্টুর সভাপতিত্বে আরো বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, ঢাকা মহানগর বিএনপি নেতা ইউনুস মৃধা, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

ওএফ