সরকারের রক্তচক্ষু, হামলা, মামলা ও গ্রেফতার অভিযান উপেক্ষা করে জামায়াতে ইসলামীর আহবানে সাড়া দিয়ে জনগণ সর্বাত্মকভাবে শান্তিপূর্ণ হরতাল পালন করেছে বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
রোববার হরতাল শেষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘হরতালে সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে মানুষ প্রমাণ করে দিয়েছে যে, তারা আল্লামা সাঈদীর মুক্তি চায়।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের পায়ের নিচে মাটি নেই। সরকার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে জনগণের ওপর অত্যাচার-নির্যাতনের স্টিম রোলার চালিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করে জেলে পাঠাচ্ছে। এভাবে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। জনগণের আন্দোলনের মুখে সরকার আল্লামা সাঈদীসহ জামায়াতের সকল নেতাকর্মীদেরকে মুক্তি দিতে বাধ্য হবে।’
হরতালে সারাদেশে জামায়াত ও ছাত্রশিবিরের শতাধিক নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার এবং অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত করা হয়েছে বলে দাবি করেন ডা. শফিকুর রহমান।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





