নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি গণতন্ত্র নয়, খুনিতন্ত্র ও দুর্নীতিতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় থেকে মানুষ খুন করে আবার ক্ষমতার বাইরে থেকেও মানুষ খুন করে। হত্যার মাধ্যমেই বিএনপির জন্ম। ভবিষ্যতে খালেদা জিয়াকে আর রাজপথে নামতে দেওয়া হবে না।
মন্ত্রী আজ বুধবার বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হাজি জাফর আলী কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আন্দোলনের নামে বেগম খালেদা জিয়া বহু মানুষকে পুড়িয়ে ও পিটিয়ে হত্যা করেছেন। আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও পুলিশ, বিজিবি, মুক্তিযোদ্ধা, পরিবহণ শ্রমিকসহ সাধারণ মানুষকে তিনি আন্দোলনের নামে হত্যা করেছেন। এ কারণে তিনি একজন পেশাদার খুনি। তাই মানুষ খুন করার দায়িত্ব খালেদা জিয়াকেই নিতে হবে এবং এর বিচার হবে। খালেদা জিয়ার নৈরাজ্য থেকে মসজিদ মন্দিরের মতো ধর্মীও প্রতিষ্ঠানও রক্ষা পায়নি। তিনি জাতীয় পতাকা পুড়িয়েছেন।
স্থানীয় সাংসদ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে জনসভায় আওয়ামী লীগের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, নূরুল মজিদ হুমায়ুন ও রেজওয়ান আহমদ তৌফিকসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
পরে নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান ১২টি গুরুত্বপূর্ণ নৌপথের খনন কাজ উদ্বোধন করেন। ওই কাজের অংশ হিসেবে ৫৪ কোটি টাকা ব্যয়ে পুরাতন ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা ও আড়িয়াল খাঁ নদের ডেমরা-ঘোড়াশাল-পলাশ-টোক-কটিয়াদী এলাকার প্রায় ৫০ কিলোমিটার খনন করা হবে।
এমকে





