গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবকে গণবিরোধী বলে আখ্যা দিয়েছে বিএনপি। এই প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।
আজ মঙ্গলবার বিএনপির পক্ষে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এক ব্রিফিংয়ে এই দাবি জানান।
আলাল বলেন, একটি গণবিচ্ছিন্ন সরকারের যে কোনো দায়বদ্ধতা থাকে না, তার সুস্পষ্ট প্রমাণ গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সরকার যদি জনগণকে সেবা দেওয়ার পরিবর্তে বেসরকারি কোম্পানির মতো শুধু মুনাফার দিকে ঝুঁকে পড়ে, সেটা গণবিচ্ছিন্নতারই প্রমাণ বহন করে।
বিএনপি মনে করে, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব বেআইনি। গ্যাসের দাম বাড়ানোর কোনো প্রয়োজন নেই। ফের দাম বাড়ানো হলে, তা গোটা অর্থনীতির ওপর প্রভাব ফেলবে। সাধারণ মানুষের জীবন বিষিয়ে তুলবে। তাই এই প্রস্তাব প্রত্যাহারের দাবি দলটির।
ইআর





