ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়।

সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

সভায় দেশের বাকি চারটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে প্রার্থীদেরও মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ঢাকা ১০ আসন ছাড়া বাকি চার আসনের মধ্যে বগুড়া-১ আসনে সাহাদারা মান্নান, গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম স্মৃতি, যশোর-৬ আসনে শাহিন চাকলাদার এবং বাগেরহাট-৪ আসনে আমিরুল আলম মিলন মনোনয়ন পেয়েছেন।

উল্লেখ্য, ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১০, বগুড়া-১ আসনের জন্য ১৯, যশোর-৬ আসনের জন্য ১৩, বাগেরহাট-৪ আসনে ১১ এবং গাইবান্ধায় ২৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেন।  আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গত ৯ ফেব্রুয়ারি থেকে ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়, যা শেষ হয় ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায়।

এমবি