বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেই চক্র বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতে ১৯৮১ সালে জিয়াউর রহমানকে হত্যা করেছিল- তারা চায় না তারেক রহমান দেশের হাল না ধরুক। তাই তারাই ওয়ান ইলেভেন সৃষ্টির মাধ্যমে তারেক রহমানকে নির্যাতন করে হত্যা করতে চেয়েছিল।

মঙ্গলবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ৭ম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলে। সভাটির আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

মির্জা আলমগীর বলেন, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা, স্বাধীনতা ও সার্বভৌত্ব রক্ষার জন্য আন্দোলন করছি। তাই যারা ভবিষ্যতে বাংলাদেশে মেধাবী রাজনীতি দেখতে চান তাদেরকে বলব- আপনারা তারেক রহমানের দিকে ফিরে তাকান।

সম্প্রতি তারেক রহমানের লন্ডনে দেয়া বক্তব্যের পর সরকারি দলের পক্ষ থেকে কড়া প্রতিবাদের সমালোচনা করে তিনি বলেন, তারেক রহমানকে কেন এত ভয়? তিনি কথা বললেই আপনাদের গায়ে জ্বালা ধরে কেন? তারেক রহমান তথ্য উপাত্ত দিয়ে কথা বলেন।

বর্তমান সরকারকে ‘দানব’ আখ্যা দিয়ে এদের বিদায় করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান মির্জা আলমগীর।

ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা সম্পাদক খায়রুল কবির খোকন, সমাজ কল্যাণ সম্পাদক আবুল খায়ের ভুঁইয়া, স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক হাবিব উন নবী খান সোহেল, সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য কামরুজ্জামান রতন, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিব উর রহমান হাবিব, ছাত্র সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাবেক ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলাল, সহ-ছাত্র সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু প্রমুখ।

ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই