ছোট ছেলে আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানীতে তাঁর কবর জিয়ারত করেছেন মা খালেদা জিয়া।

আজ (বুধবার) বিকেল পৌনে ৫টার দিকে বনানী কবরস্থানে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও কোরআন তেলাওয়াত করেন তিনি।

মালয়েশিয়া থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৫ বছর বয়সে ২০১৫ সালের ২৪ জানুয়ারি মারা যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। খালেদা জিয়া আজ কোকোর কবরের পাশে প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে এ সময় পরিবারের সদস্য ছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমবি