পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে গণসংহতি আন্দোলনের দুই মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি। সাগরে ভাসমান বাংলাদেশিদের উদ্ধার ও মানবপাচারকারীদের আটকের দাবিতে দুপুরে স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি হাতে নেয় গণসংহতি আন্দোলন।

সোমবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে সংগঠনটির শতাধিক কর্মী। এরপর প্রেসক্লাব থেকে দুই মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশে যাত্রা করলে সচিবালয়ের স‍ামনে পুলিশের বাঁধার মুখে পড়ে তারা।

এ সময় পুলিশ ব্যারিকেডের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে দাবি আদায়ে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয় সংগঠনটি।

বক্তারা বলেন, সরকার দলীয় সংসদ সদস্যরা মানবপাচারের সঙ্গে জড়িত। সরকার এসব সংসদ সদস্যদের বিরূদ্ধে কোন ব্যবস্থা না নেয়াই এর প্রমাণ করে।

এসব সংসদ সদস্যরা মানবপাচার করে বছরে দুই হাজার কোটি টাকা আয় করছে বলে মন্তব্য করে বক্তারা।

আরো বলা হয়, আগামী ৪৮ ঘন্টার মধ্যে সমুদ্রে ভাসমান শ্রমিকদের উদ্ধারে বাংলাদেশ কোন ব্যবস্থা না নিলে, জনগনকে নিয়ে কঠোর আন্দোলন করবে গনসংহতি আন্দোলন।

ইআর/এএইচ