বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে অস্বচ্ছল পরিবারের মাঝে ইফতার ও সাহরির ফুড প্যাকেট বিতরণের সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, সিয়াম সাধনার এই মাসে ভেদাভেদ ভুলে সামর্থ্য অনুযায়ী মানবতার কল্যাণে অসহায় মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। এটাও মাহে রমজানের একটি মৌলিক শিক্ষা।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর মতিঝিল এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ফরিদ হোসাইন, মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য সৈয়দ সিরাজুল হক, শরিফুল ইসলাম, শামসুল বারি, মুহাম্মদ নুর উদ্দিন প্রমুখসহ মতিঝিল জোনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি আদর্শবাদী সংগঠন হিসেবে জামায়াতের পক্ষ হতে আমরা মানুষের কষ্ট লাঘবে সীমিত সামর্থ নিয়ে ছুটে এসেছি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। এমন একটি পরিস্থিতির মধ্যেও জামায়াতে ইসলামী এদেশকে একটি সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত দেশের প্রতিটি সঙ্কট মুহূর্তে অসহায় মানুষের পাশে থেকে তাদের মানবিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে। আগামী দিনেও আমাদের এই কল্যাণকামী কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া আরো বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে জাতিকে এ অবস্থা থেকে মুক্ত করতে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ইসলামের সুমহান আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। যেখানে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন হবে ও মানবতার পাশে সকলে দাঁড়াবে। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।-বিজ্ঞপ্তি।
এবিএস





