ভোটের একদিন আগে প্রতিদ্বন্দ্বী সালমা ইসলামের বাড়িতে গিয়ে তার হাতে ফুল দিয়ে শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমান।
শুক্রবার দুপুরের পর চলতি পথে নবাবগঞ্জের চুরাইন ইউনিয়নে সালমার বাড়িতে ফুল নিয়ে হাজির হন তিনি। এ সময় তিনি সেখানে আধা ঘণ্টা অবস্থান করে সালমা ও তার স্বামী নুরুল ইসলাম বাবুলের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
সালমান বলেন, “ব্যবসায়ী নূর আলীর বাসায় দুপুরের খাবার খেতে গিয়েছিলাম। তার বাসার পাশে আমার অন্যতম প্রতিদ্বন্দ্বী সালমা ইসলামের বাড়ি। তাই উনার বাসায় গিয়ে দেখা করে আসলাম।
“খালি হাতে না গিয়ে ফুল নিয়ে গেলাম। আমার বন্ধু বাবুল সাহেবকে এবং উনার স্ত্রী আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সালমা ইসলামকে দিলাম।”
সালমান এফ রহমান ফুল হাতে গেলে তাকে স্বাগত জানান সালমার স্বামী নুরুল ইসলাম বাবুল সালমান এফ রহমান ফুল হাতে গেলে তাকে স্বাগত জানান সালমার স্বামী নুরুল ইসলাম বাবুল
বিএনপির প্রার্থী না থাকা ঢাকা-১ আসনে (দোহার-নবাবগঞ্জ) নৌকার প্রার্থী সালমানের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম। যমুনা গ্রুপের মালিক বাবুলের স্ত্রী সালমা ২০১৪ সালে এখানে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। এবার তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাকে সমর্থন দিয়েছে বিএনপি।
সালমানের বিপক্ষে সালমাকে সমর্থন বিএনপির
আরেক ব্যবসায়ী গ্রুপ বেক্সিমকোর অন্যতম কর্ণধার সালমান এফ রহমান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা। তার পক্ষে নির্বাচনী প্রচারে সরব ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এই আসনে বিকল্প ধারা, সিপিবি ও ইসলামী আন্দোলনসহ আরও কয়েকটি দলের প্রার্থী থাকলেও ধনাঢ্য দুই প্রার্থী সালমান ও সালমার মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটাররা।
সাক্ষাতে সালমা ও তার স্বামী বাবুলের সঙ্গে নির্বাচন নিয়ে অনেক ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলে জানান সালমান এফ রহমান।
দুই পক্ষই শান্তিপূর্ণ ভোটের বিষয়ে একমত হয়েছেন জানিয়ে তিনি বলেন, “বাবুল সাহেব এবং আমি একমত হলাম যে, আমরা সুন্দরভাবে নির্বাচন করতে চাই। নির্বাচনে হার-জিত আছে, দুজনই ব্যবসায়ী। আমরা এখনও বন্ধু আছি। ইলেকশনের পর যে জিতুক, যে হারুক আমরা তখনও বন্ধু থাকব।”
নির্বাচনে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বলেও জানান নৌকার প্রার্থী সালমান এফ রহমান।
তিনি বলেন, “জয়ের বিষয়ে খুবই আশাবাদী। যে ধরনের সাড়া পেয়েছি এবং গত ১০ বছরে গ্রাম থেকে শহরে যত উন্নয়ন হয়েছে এর ফলে সব মানুষ জননেত্রী শেখ হাসিনাকে চাচ্ছেন।
“উনি আবার ক্ষমতায় আসেন, আবার প্রধানমন্ত্রী হবেন-এটা সবাই চাচ্ছেন। তাই আমিও খুবই আশাবাদী যে, আমার জয় হবে।”





