আওয়ামী লীগ সব সময় দাপট ও ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। এবার বিচার বিভাগকেও ছাড় দিচ্ছে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখান পুকুরি ইউনিয়নের কালিগঞ্জ গ্রামে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের কাছে আমরা যেন সবাই প্রজা। তাদের ইচ্ছে মত আমাদের চলতে হবে। এটা কোনোমতে মানা যায় না। এ জন্য সর্বস্তরের মানুষকে প্রতিবাদ করতে হবে।
তিনি বলেন, আপিল বিভাগ যে সত্য কথা বলেছে তা সহ্য করতে পারছে না আওয়ামী লীগ। এজন্য সরকার বিচার বিভাগকে আক্রমণ করতে ছাড়ছে না।
ফখরুল আরও বলেন, এ সরকার মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। জুলুম নির্যাতন অত্যাচারের মধ্যেও বিএনপির নেতা-কর্মীরা বর্ন্যাতদের পাশে রয়েছে। আর আওয়ামী লীগ লুটপাট আর ক্ষমতাকে পাকাপোক্ত করার কাজে ব্যস্ত রয়েছে।
এই অবৈধ সরকারকে বিতাড়িত করতে দুর্বার আন্দোলন গড়ে তুলতে দলের নেতা-কর্মীদের ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বিএনপির মহাসচিব। এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমবি





