বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এদেশের সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর খুনি মোশতাক হত্যাকাণ্ডের বিচার বন্ধ করতে যে অধ্যাদেশ জারি করেছিলো জিয়াউর রহমান তা আইনে পরিণত করে।

এদেশে সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি, ১৫ আগস্টের ঘাতকদের আস্থার নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি।

১৫ আগস্ট (রোববার) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ সব কথা বলেন।

আলোচনা সভায় ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অত্র সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মিনরুল ইসলাম মনু প্রমুখ।

ওবায়দুল কাদের বলেন, রক্তাক্ত এ আগস্ট মাস এলেই বিএনপি নামক দলটির গাত্রদাহ শুরু হয়। ১৫ আগস্টের খুনীদের পুরস্কৃত করেছিলো জিয়াউর রহমান, যে কথা কি বিএনপি ভুলে গেছে।

বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছিলো তারাই আজ ইতিহাস থেকে মুছে যাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। সকল ষড়যন্ত্র পায়ে ঠেলে সোনালী সোপানের দিকে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, জুলিয়াস সিজার থেকে শুরু করে পৃথিবীতে যত রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে তার মধ্যে সব চেয়ে নির্মম, নৃশংস, বর্বরোচিত হত্যাকাণ্ড ১৯৭৫ এর ১৫ আগস্টের হত্যাকাণ্ড।

কোনো হত্যাকাণ্ডে অবলা নারী ও অবুঝ শিশুকে হত্যা করা হয়নি। উইলিয়াম শেক্সপিয়ার যদি এই হত্যাকাণ্ডের পর বেঁচে থাকতেন তাহলে তিনি বলতেন ১৫ আগস্টের হত্যাকাণ্ড পৃথিবীর সবচেয়ে নির্মম হত্যাকাণ্ড।

এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে খুনীরা সদ্য স্বাধীন রাষ্ট্রের আত্মাকে, সার্বভৌম রাষ্ট্রের অহংকারকে হত্যা করতে চেয়েছিলো। তথ্যসূত্র : বাসস।

এইচএন