জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত কারও শপথ না নেওয়ার সিদ্ধান্ত বহাল আছে বলে জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান সমন্বয়কারী মোস্তফা মোহসীন মন্টু।

তিনি বলেছেন, গণফোরামের নির্বাচিত সংসদ সদস্যরা সংসদে যোগদান করছেন- এ ধরনের সংবাদ অসত্য ও ভিত্তিহীন।

এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট ব্যানারে ধানের শীষ নিয়ে নির্বাচিত সংসদ সদস্য গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান শপথ নিবে না।’

সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে এ সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। তাতে বলা হয়, শপথ না নেওয়ার আগের সিদ্ধান্ত বহাল আছে।

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। এ জোটের ঐক্য সুদৃঢ় ও অটুট আছে।

বিজ্ঞপ্তিটি পাঠান গণফোরামের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গণমাধ্যম সম্পাদক রফিকুল ইসলাম পথিক।

এতে বলা হয়, গণফোরামের দুই সদস্যের শপথ নেওয়ার ব্যাপারে ইতিবাচক উদ্বৃতি দিয়ে সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। যেখানে তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিতে চান মর্মে উল্লেখ করা হয়। এ খবর ভিত্তিহীন।

গণফোরামের মনোনয়ন নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজার-২ ও মোকাব্বির খান সিলেট-২ আসন থেকে নির্বাচিত হন।

সুলতান মোহাম্ম মনসুর আওয়ামী লীগের নেতা হলেও দলের সাথে তার দূরত্ব রয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্তে সাক্ষাত করেন তিনি।

এরপর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দাবি করা হয়, আওয়ামী লীগ তাকে বিশেষ দায়িত্ব দিচ্ছে।

ব্যক্তিগত ভাবে সংসদে যাওয়ার বিষয়ে কী মনে করেন জানতে চাইলে মোকাব্বির খান বলেন, ‘আমি মনে করি সংসদে যাওয়া উচিত। আমার নির্বাচনী আসনের জনগণও চায় আমি যেন শপথ গ্রহণ করে সংসদে যাই। কারণ আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তবে আমি যেহেতু গণফোরামের প্রেসিডিয়াম সদস্য সেহেতু দল যে সিদ্ধান্ত দিবে সেটিই আমি মেনে নেব।’

বিএনপি, গণফোরাম এবং আরো কয়েকটি দল মিলে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে বিএনপি ছয়টি এবং গণফোরাম দুটি আসনে জয় পায়।

‘ব্যাপক ভোট ডাকাতির’ অভিযোগ এনে বিএনপি ও ঐক্যফ্রন্ট ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে এবং নতুন নির্বাচনের দাবি জানায়।

আগামী ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।

এএস