logo
Search

রাজনীতি

পরিবর্তন হচ্ছে জাতীয় ছাত্রশক্তির নেতৃত্ব, আলোচনায় যারা

প্রতিষ্ঠার দ্বিতীয় বছরেই প্রথমবারের মতো কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি। আগামী ১২ সেপ্টেম্বর সংগঠনটির কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হবে।

টাইমনিউজবিডি ডেস্ক

জনপ্রিয়, গ্রহণযোগ্য ও সাংগঠনিকভাবে দক্ষ নেতৃত্ব নির্বাচনের উদ্দেশ্যেই কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দুই কাউন্সিলে দুই শতাধিক ডেলিগেট ভোট দিয়ে নিজ নিজ কমিটির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

কাউন্সিল সামনে রেখে এরই মধ্যে সংগঠনের বিভিন্ন পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এগিয়ে রয়েছেন বলে সংগঠনটির অভ্যন্তরে আলোচনা রয়েছে। আর সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক লিমন মাহমুদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পদে হাসিব আল ইসলাম ও সাকিবুল ইসলামের নাম আলোচনায় রয়েছে। এ শাখার সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন মোহাম্মদ সাকিব ও রায়হান ফেরদৌস। তবে বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের আরও কয়েকজন নেতা এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন সংগ্রহ করেছেন বলেও জানা গেছে।

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিলকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নেতাকর্মীদের প্রত্যাশা, কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচিত হলে সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী হবে। পাশাপাশি ভবিষ্যতে দক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্ব তৈরির পথও সুগম হবে।

কাউন্সিল সফলভাবে আয়োজনের জন্য প্রস্তুতি কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) মহির আলম। অন্যদিকে, নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আল আমিন সরকার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ (বাগছাস) নামে সংগঠনটির যাত্রা শুরু হয়। পরে একই বছরের অক্টোবরে সংগঠনটির নাম পরিবর্তন করে ‘জাতীয় ছাত্রশক্তি’ রাখা হয়।

নাম পরিবর্তনের পর থেকে জাতীয় ছাত্রশক্তি জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন হিসেবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এনএইচ