জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলামসহ আটক নেতা কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানিয়েছেন।

ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আ ন ম শামসুল ইসলাম ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আহসান উল্লাহ একটি মিথ্যা মামলায় চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে যান। এই মামলায় তারা উচ্চ আদালত থেকে জামিন প্রাপ্ত ছিলেন। তারা আজ নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।”

বিবৃতিতে তিনি আরও বলেন, “তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দশ্যপ্রণোদিত। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। তাদের জামিন আবেদন না মঞ্জুর হওয়ায় আমরা বিস্মিত।”

আরও পড়ুন: জামায়াতের নায়েবে আমিরসহ ৬ জন কারাগারে

“রাজনৈতিকভাবে হয়রানি করার হীনউদ্দেশ্যেই তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করা হয়। সরকার মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের মাধ্যমে বিরোধী দলীয় রাজনৈতিক নেতা-কর্মীদের হয়রানি করার জন্য যে হীন পন্থা অবলম্বন করেছে এটা তারই ধারাবাহিকতা মাত্র।”

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সরকারের এ আচরণের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মাওলানা শামসুল ইসলামসহ আটককৃত সকল নেতা-কর্মীকে মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।” প্রেস বিজ্ঞপ্তি

এমবি