সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোট। বিকালে শুরু হবে এই সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসন ও জোটনেত্রী বেগম খালেদা জিয়া।
গতকাল বিকালে এ সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সমাবেশ সফল করতে ঢাকা মহানগর বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিপুলসংখ্যক লোকসমাবেশের মাধ্যমে ঢাকা নগরকে স্লোগান ও প্রতিবাদের শহরে পরিণত করতে চান জোট নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির হাইকমান্ড দলের নেতাকর্মীদের এই সমাবেশে সর্বোচ্চসংখ্যক তৃণমূল নেতাকর্মী উপস্থিত করার নির্দেশ দিয়েছেন।
ঢাকা মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস সংগঠনের বিভিন্ন স্তরে কেন্দ্রের নির্দেশনা পৌঁছে দিয়েছেন। একাধিক প্রস্তুতি সভাও করেছেন তিনি। বিএনপি জোট চাইছে এই সমাবেশে একটি শোডাউন করে নিজেদের শক্তি জানান দিতে।
এছাড়া সম্প্রচার নীতিমালার প্রতিবাদে সারা দেশের জেলা ও মহানগরীতেও আজ প্রতিবাদ মিছিল ও সমাবেশ হবে।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





