মধ্যরাতে টকশোতে যারা নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার পক্ষে সাপাই গায় তাদেরও অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১ নং গেটের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত বিরোধী জোটের হরতাল বিরোধী এক মানববন্ধনে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, নাটের গুরু খালেদা জিয়ার সাঙ্গ মাহমুদুর রহমান মান্নাকে গ্রেফতার করলেই হবে না। মধ্যরাতে যে সকল জ্ঞানপাপীরা টকশোতে মান্নার পক্ষে সাপাই গায় তাদেরও অবিলম্বে গ্রেফতার করতে হবে।

তিনি আরও বলেন, মান্না সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করে ফাঁসিতে ঝোলানোর দাবি উঠেছে জনগণের পক্ষ থেকে। তাই খুব দ্রুত এই রাষ্ট্রদ্রোহীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।

তিনি বলেন, হরতাল-অবরোধে সকল হত্যাকান্ডের দায় খালেদা জিয়া ও মাহমুদুর রহমান মান্নাকে নিতে হবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, হাজী মো: সেলিম প্রমুখ।

এমআর/ এআর