বিএনপি গণবিরোধী ও নৈরাজ্যকর আন্দোলন করলে জনগণের জানমাল রক্ষায় সরকার কঠোর ব্যবস্থা নিবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বুধবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপিকে উদ্দেশ্য করে আমির হোসেন আমু বলেন, ২০০১ সালের নির্বাচনের পর ও ২০১৩ সালের শেষের দিকে যেভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সেই একই ভাবে এখনও বিএনপি নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তবে এবার যদি কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি করা হয় তাহলে কাউকে ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, বিএনপির চরিত্রের পরিবর্তন হয়নি। তাদের জন্ম থেকে তারা ষড়যন্ত্র শুরু করেছে। এখনও তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। বিএনপি জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের দোসর হিসেবে কাজ করছে।
আওয়ামী লীগের এ নেতা বলেন, অতীতেও বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততা ছিল না। এখনও আন্দোলনে নামলে জনগণ তাদের সঙ্গে থাকবে না।
শিল্পমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পালাতক খুনীদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে সঠিক আইনের মাধ্যমে বিচার কার্য সম্পন্ন করা হবে। বঙ্গবন্ধুর কোন খুনীকে ছাড় দেয়া হবে না।
সংগঠনের সভাপতি তারানা হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বিশিষ্ট অভিনেতা এটিএম শামসুজ্জামান প্রমুখ।
ঢাকা, এমআর, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





