নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত একটি নির্বাচনের দাবিতে বিএনপির চলমান আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে দেশব্যাপি ধারাবাহিক সফরের অংশ হিসেবে এবার নারায়ণগঞ্জ যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

১৩ ডিসেম্বর নারায়ণগঞ্জের কাঁচডপুরে এই জনসভাটি অনুষ্ঠিত হবে বলে বিএনপি সূত্রে জানা গেছে।

এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন বক্তব্য রাখবেন।

নারায়ণগঞ্জের জনসভা সম্পর্কে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার টাইমনিউজবিডিকে বলেন, ১৩ ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারায়ণগঞ্জে আসবেন। তবে জনসভার স্থান দু-একদিনের মধ্যেই চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে সাত খুনের পর খালেদা জিয়া যেতে চাইলেও প্রশাসনের পক্ষ থেকে সমাবেশের অনুমতি না দেওয়ায় তিনি যেতে পারেননি। তবে পরে তিনি সিদ্ধিরগঞ্জে নিহত কাউন্সিলর নজরুল ইসলাম ও অ্যাডভোকেট চন্দন সরকারের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের বাড়িতে গিয়েছিলেন।
এমএইচ